নারী ইমার্জিং দলের দায়িত্ব নিচ্ছেন ফারুক

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০২:০৭ পিএম

বাংলাদেশ নারী ইমার্জিং দলের দায়িত্ব নিতে যাচ্ছেন নাসিরউদ্দিন ফারুক সজিব। আগামী মে মাসে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করছে দলটি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

ফারুকের অধীনে আগামী ১০ এপ্রিল বিকেএসপিতে শুরু হবে নারী ইমার্জিং দলের অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার গত কয়েক বছর ধরে বিসিবির কোচিং কাঠামোর সঙ্গে যুক্ত আছেন। এর আগে নারী দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। ফলে দলের ভেতরেও তার প্রতি আস্থা রয়েছে।

বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘নারী দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে ফারুকের। সামনে গুরুত্বপূর্ণ সিরিজ, তাই আমরা মনে করি, এই দায়িত্বের জন্য ও-ই সবচেয়ে উপযুক্ত।’

আগামী ৭ মে বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। সফরে তারা তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে।

সিরিজের সব ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১২, ১৪ ও ১৬ মে। এরপর চারদিনের ম্যাচের লড়াইয়ে নামবে দুই দল। প্রথম চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ২০ থেকে ২৩ মে পর্যন্ত। সফরের দ্বিতীয় এবং শেষ চারদিনের ম্যাচ হবে ২৭ থেকে ৩০ মে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ঘরের মাঠে বড় সিরিজের আগে নারী ইমার্জিং দলকে গোছাতে তাই পুরোনো ও নির্ভরযোগ্য মুখ ফারুকের হাতেই দায়িত্ব তুলে দিচ্ছে বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত