গত বছরের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরকার যে সহিংসতা চালায়, তা ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এ যাওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে এ ধরনের দাবি নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, এই গণহত্যার বিচার বাংলাদেশের ট্রাইব্যুনালেই সম্ভব, আইসিসির যাওয়ার প্রয়োজন নেই।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গণহত্যার ঘটনাস্থল বাংলাদেশ, আসামিরাও বাংলাদেশি, এমনকি সাক্ষীরাও এখানকার। কাজেই বিচার এখানেই হওয়া উচিত।’
তিনি আরও জানান, ‘যেসব দেশের বিচারিক কাঠামো দুর্বল, তারা আইসিসিতে মামলা পাঠায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা এবং এখানে বিচার চালানোর সক্ষমতা রয়েছে। তবে আইসিসি চাইলে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হতে পারে।’
এইদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ১৫ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেয়। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এছাড়া প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদসহ অন্যান্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
একইসঙ্গে চট্টগ্রামে সংঘটিত গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে আগামী ১৬ এপ্রিল সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া অস্ত্রধারী যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটে আনতে চাই: সিইসি
লুটপাট গর্হিত অপরাধ, শনিবার ঢাকায় বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান আজহারীর