বিশ্বের ৫৪ তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে ‘আর্টেমিস চুক্তি’ সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন এ চুক্তিতে সই করেন।
এ চুক্তির আওতায় প্রযুক্তির বিনিময়, অর্থনৈতিক সহযোগিতাসহ বিজ্ঞানভিত্তিক সহায়তা পাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা আজকে ৫৪তম দেশ হিসেবে জয়েন করলাম। ৫৩টা দেশ নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। এই অ্যাকর্ডটাতে যে আমরা সাইন করলাম বা সাইন করে জয়েন করলাম এতে আমাদের কি লাভ হলো এ প্রশ্ন যদি করেন, তাহলে এই লাভ দেখতে আমাদের ২০–২৫ বা ৩০ বছর সামনে যেতে হবে।’
চুক্তিটি সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে বাংলাদেশ তার মহাকাশ গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করতে সক্ষম হবে বলে জানান তিনি।
আর্টেমিস চুক্তি মূলত আউটার স্পেস ট্রিটি রেজিস্ট্রেশন কনভেনশন ও অ্যাস্ট্রোনট রেসকিউ এগ্রিমেন্টের নীতিগুলো অনুসরণ করে তৈরি একটি নির্দেশিকা, যা মহাকাশের শান্তিপূর্ণ, নিরাপদ ও টেকসই ব্যবহারে সহায়ক।
