বরিশালের গৌরনদীতে জয় দত্ত নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে প্রায় ১ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে গৌরনদীর তারাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাসেল সন্যামত, তপন দত্ত, শান্ত দত্ত, শিমুল সমদ্দারসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, সড়কে দুর্ঘটনার হার দিন দিন বেড়েই চলছে, অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
তাদের দাবি, দ্রুততম সময়ে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপন না করলে আরও বড় ধরনের আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
গতকাল সোমবার বাসচাপায় মৃত্যু হয় জয় দত্তের।
ব্র্যাক ব্যাংকের ১০০ জন কর্মকর্তাকে সার্টিফিকেট দিলো বিআইএ