জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আব্দুস সাত্তার (৫৫) নামে শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে মারধরের পর কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহেল রানা নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুস সাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের মৃত রেজাউল করিমের ছেলে।
জানা যায়, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন। ওই দিন দুপুরে তিনি বগারপাড় এলাকায় ভিক্ষা করতে গেলে সোহেল রানা তার কাছে টাকা চান। টাকা না দিলে সোহেল রেগে গিয়ে প্রথমে তাকে মারধর করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কান কেটে দেন।
স্থানীয়রা আহত সাত্তারকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘ভিক্ষুকের কান কেটে দেওয়ার ঘটনায় সোহেল রানা নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
শারীরিক প্রতিবন্ধী হওয়ায় দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি
