ইসরায়েলি ফুটবলারের বাসায় গ্রেনেড হামলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পিএম

লিভারপুলের সাবেক মিডফিল্ডার ইয়োসি বেনায়ুনের বাসায় গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের জাতীয় ফুটবল দলের ৪৪ বছর বয়সী সাবেক এই অধিনায়ক ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ছাড়াও ওয়েস্ট হ্যাম, চেলসির মতো ক্লাবে খেলেছেন। গ্রেনেড হামলার ঘটনায় তিনি অক্ষত আছেন বলে জানিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’।

গত রবিবার তেল আবিবের কাছে বেনায়ুনের বাড়িতে এই ঘটনা ঘটে। ইসরায়েলের সর্বকালের সবচেয়ে সফল এবং হাই-প্রোফাইল ফুটবলারদের মধ্যে একজন বেনায়ুনের দাবি, অপরাধী সম্ভবত ভুল ঠিকানা পেয়ে তার বাড়ির দরজার সামনে বিস্ফোরক ছুঁড়ে মোটরবাইকযোগে পালিয়ে গেছে। বিস্ফোরণে বড় ধরনের কোনো ক্ষতির ঘটনা ঘটেনি।

বেনায়ুন বলেছেন, ‘এটি অবশ্যই ভুলক্রমে ঘটানো হয়েছে। আমার কোন সন্দেহ নেই যে, আমার বাড়ি গ্রেনেড হামলার লক্ষ্যবস্ত ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এবং ফায়ার সার্ভিসকে ফোন করেছিলাম। পুলিশ বাড়িতে পৌঁছে যখন গ্রেনেডের ধ্বংসাবশেষ খুঁজে পায়, তখনই আমরা বুঝতে পারি আসলে কী ঘটেছে।’

এই ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। বেনায়ুন ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে লিভারপুলের হয়ে ৯২টি ম্যাচ খেলার আগে দুই বছর ওয়েস্ট হ্যামের হয়ে খেলেছিলেন। বিভিন্ন ক্লাবের হয়ে ৯ বছরে ২০০টির বেশি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এই ফুটবলার। সাবেক লিভারপুল ম্যানেজার রাফা বেনিতেজের অধীনে তিনি ইউরোপা লিগ জিতেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত