মাদ্রাসা শিক্ষার্থীকে নকল সরবরাহ করে কারাগারে হল পরিদর্শক

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম

ফেনীতে নকল সরবরাহ করায় এসএসসি-দাখিল সমমানের পরীক্ষায় হল পরিদর্শককে ২ বছর কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা ও বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা এ রায় প্রদান করেন। দণ্ডিত হল পরিদর্শক ফেনী সদর উপজেলার মোটবী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউনুছ। তিনি বিরিঞ্চি মাদ্রাসার পরীক্ষার্থী মারুফুল ইসলামকে নকল সরবরাহ করেন। 

জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল ) ফেনী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা চলাকালে কেন্দ্রের হল পরিদর্শক মো. ইউনুছ বিরিঞ্চি মাদ্রাসার পরীক্ষার্থী মারুফুল ইসলামকে নকল সরবরাহ করেন। বিষয়টি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব গাজী ইকবাল হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে জানালে ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা হল পরিদর্শককে ২ বছরের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা ও বহিষ্কার করেন। এছাড়া শিক্ষার্থী মারুফুল ইসলামকে অত্র বিষয়ে পরীক্ষা থেকে বহিষ্কার করেন।

আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব গাজী ইকবাল হোসেন জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিপত্র ও ফেনীর জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক নকল মুক্ত পরীক্ষা নিতে আলিয়া কামিল মাদ্রাসা বদ্ধপরিকর। হলে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, কেন্দ্র সচিবের অভিযোগের ভিত্তিতে নকল সরবরাহের অপরাধে হল পরিদর্শককে বহিষ্কার ও সাজা দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শিক্ষককে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফেনীতে এসএসসি-দাখিল সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৮৩ শিক্ষার্থী ও বহিষ্কার ১ জন। জেলা প্রশাসন সূত্র জানায়, এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেনীর ৩৭টি কেন্দ্রে ৩১১টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ২৩ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তন্মধ্যে ১৮৬ টি স্কুল থেকে এসএসসিতে ১৬ হাজার ৫৪৯ জন, ১০৫টি মাদ্রাসা থেকে দাখিলে ৫ হাজার ৮৮৯ জন এবং ২০টি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এদিন এসএসসিতে অনুপস্থিত ছিল ১৭৭ জন, দাখিলে ৯৪ জন ও ভোকেশনালে ১২ জন। কি কারণে ২৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত ছিল এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত