নগদ টাকায়ও পানির লাইন পাচ্ছেন না গ্রাহকরা

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম

খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদারের বিরুদ্ধে পানির লাইন সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। তবে পানির লাইন না পাওয়ায় গত ২৭ মার্চ খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নিকট কয়েকজন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগ করেও কোনও প্রতিকার মেলেনি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার মুহাম্মদীয়া জামে মসজিদ সংলগ্ন চৌরাস্তার মোড়ের উত্তর দিকের গলিতে ৬ জন গ্রাহকের বসবাস। গতবছর ২৩ এপ্রিল ওয়াসার পানির সংযোগ লাইন দেওয়ার কথা বলে খুলনা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার আব্দুল লতিফ চিশতির নিকট থেকে ১৩ হাজার, এস এম কামরুজ্জামানের কাছ থেকে ১৪ হাজার, নজরুল ইসলামের কাছ থেকে ১৪ হাজার, আলম খানের কাছ থেকে ১৪ হাজার, মো. তৈয়বুর রহমানের কাছ থেকে ১৪ হাজার ও নূরজাহান বেগমের কাছ থেকে ১৪ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু এখনও পর্যন্ত তারা কেউ পানির লাইন পাননি।

অভিযোগকারী আব্দুল লতিফ চিশতি ও এস এম কামরুজ্জামান বলেন, ওয়াসার উপ সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদার ১৫ দিনের ভিতরে পানির লাইন দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু গত ১১ মাসেও আমরা পানির লাইন পাইনি। আজ দেবে কাল দেবে বলে বিলম্ব করছে।

তবে ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় মহলদারের বক্তব্য পেতে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ওয়াসার সচিব প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, গ্রাহকদের কাছ থেকে ওয়াসার কোনও কর্মকর্তা-কর্মচারীর নগদ টাকা গ্রহণের সুযোগ নেই। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওয়াসার বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত