চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বখতিয়ারপাড়াস্থ দেয়াঙ পাহাড়ে বিমান বাহিনীর রাডার স্টেশনের হেলিপ্যাড এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাডার অফিসের হেলিকপ্টার নামার জায়গায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
জানা যায়, হঠাৎ রাডার স্টেশনের হেলিপ্যাড এলাকায় আগুন দেখতে পেলে আনোয়ারা ফায়ার সার্ভিস, কেইপিজেড ফায়ার সার্ভিস ও রাডার অফিসের নিজস্ব ফায়ার সার্ভিসের মাধ্যমে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় আগুনে ওই স্থানে থাকা শুকনো খড়পাতা পুড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাডার স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন সিগারেট কিংবা এ জাতীয় কোনো কিছু থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
