ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন নিউজ ১৮ আয়োজিত ‘রাইজিং ভারত’ সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন।
এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি আর কেউ চায় না। এটা আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা চাই, তারা (বাংলাদেশ) সঠিক পথে যাবে এবং সঠিক কাজটিই করবে।
থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠকের বিষয়ে জয়শঙ্কর বলেন, ‘আমাদের পক্ষ থেকে যে মূল বার্তাটি ছিল তা হল— ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি খুব মৌলিকভাবে একটি মানুষে-মানুষে সংযোগ, সম্ভবত অন্য যেকোনো সম্পর্কের চেয়ে অনেক বেশ। আর সেটাই আমাদের স্বীকার করতে হবে। দুই নেতার বৈঠকে এটিই ছিল প্রধান বার্তা।’
‘দ্বিতীয়ত— বাংলাদেশের কোনো কোনো মহল থেকে উত্তেজনাকর মন্তব্য করা হচ্ছে, তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখতে পাচ্ছি, সংখ্যালঘুদের ওপর হামলা সেগুলো নিয়ে উদ্বেগ রয়েছে। এবং আমি মনে করি এসব উদ্বেগ প্রকাশের ক্ষেত্রে ভারত খুবই খোলামেলা,’ বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘আশা করি শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দেশ হিসেবে নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেওয়া হয় এবং ম্যান্ডেট নবায়ন করা হয়। তাই আমরা আশা করব বাংলাদেশ সেই পথেই হাঁটবে।’
