পাওনা টাকার দাবিতে পিএসজির সঙ্গে আইনি লড়াইয়ে এমবাপ্পে

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১০:১৫ এএম

নিজ দেশের ক্লাব পিএসজির সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ক্লাবটির সঙ্গে এমবাপ্পের লেনদেন এখনো শেষ হয়নি। বকেয়া বেতনের পাঁচ কোটি ৫০ লাখ ইউরোর দাবিতে পিএসজির বিরুদ্ধে ফরাসি ক্রীড়া মন্ত্রী ও উয়েফার কাছে আবেদন করেছেন কিলিয়ান এমবাপ্পের আইনজীবীরা। পাশাপাশি তারা দাবি করেছেন, পিএসজির কয়েকটি ব‍্যাংক হিসাব ব্লক করা হয়েছে।

২৬ বছর বয়সী তারকা ফরোয়ার্ড গত বছর ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন রিয়াল মাদ্রিদে। গত বছর ফরাসি লিগ এমবাপ্পের সব পাওনা পরিশোধের নির্দেশ দেয় পিএসজিকে। তবে এই ব্যাপারে একটি মামলা চলমান থাকায় ফরাসি ফুটবল ফেডারেশন তা প্রত্যাখান করে। পাওনা আদায়ের লড়াইয়ে আদালতের মাধ‍্যমে পিএসজির ব‍্যাংক হিসাব থেকে ৫ কোটি ৫০ লাখ ইউরো অবরুদ্ধ করার দাবি করেছেন এমবাপ্পের আইনজীবীরা।

বিশ্বকাপজয়ী ফরাসি তারকার আইনজীবী দেলফিন ফাহাইডেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সুরক্ষাস্বরূপ আজ সকালে পিএসজির ব‍্যাংক হিসাব, সংখ‍্যার হিসেবে ৫ কোটি ৫০ লাখ ইউরো অবরুদ্ধ করেছি।’ বিষয়টি নিয়ে উয়েফার এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এটা নিশ্চিত যে, সত্যিই বকেয়া আছে। এ বিষয়ে ফরাসি কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যথাসময়ে ক্লাবকে সেই বকেয়া পরিশোধ করতে হবে, অন‍্যথায় তারা ফিনান্সিয়াল ফেয়ার প্লে ভঙ্গ করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত