আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিতে চাওয়া রাফিনহা বললেন ‘শব্দচয়নে ভুল ছিল’

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১২:১৬ পিএম

বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন রাফিনহা। চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করেছেন। কিন্তু জাতীয় দলের জার্সিতে বাকি সতীর্থদের মতো তার অবস্থাও করুণ। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হেরেছে ব্রাজিল। সেই ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দিতে চেয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে পরাজয়ের ম্যাচটির আগে রাফিনহা বলেছিলেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব, গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে, সব নিয়ে মাঠে নামব।’ তার এই বক্তব্য নিয়ে প্রবল সমালোচনা হয়। এমনকী খেলা চলাকালীন সময়েও রাফিনহাকে মুখে লাগাম টানতে বলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

চার গোল খেয়ে রাফিনহা এমনিতেই বিব্রত, তবে আগের কথা তিনি ফিরিয়ে নিচ্ছেন না। গতকাল রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি বলেন, ‘আমি যা বলেছি, তা ফিরিয়ে নিচ্ছি না। আমি যেভাবে বলেছি, সেটা হয়তো কিছুটা আক্রমণাত্মক ছিল। কিন্তু এটার ব্যাখ্যাও আছে। জাতীয় দলের জার্সি পরার সময় আমার চিন্তাটা পরিষ্কার। যেকোনো কিছুর ঊর্ধ্বে, আমাকে যদি জাতীয় দলের জার্সির জন্য লড়াই করতে হয়, আমি করব।’

নিজের বক্তব্য ফিরিয়ে না নিলেও শব্দচয়নে ভুল হওয়ার কথা স্বীকার করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে সেই সময়ের ভাবনার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘হয়তো আমার শব্দচয়নে ভুল ছিল। আমরা ভাবনাটা ছিল এমন, ব্রাজিল হোক বা বার্সেলোনা—আমাকে জার্সির মর্যাদা রক্ষা করতে হবে। যদি আমাকে লড়াই করতে হয়, করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত