মাদক কারবারি স্বামীকে পুলিশে ধরিয়ে দিল স্ত্রী

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

রাতদিন মাদক বেচাকেনা, সেবন আর স্ত্রীর ওপর নির্যাতন। অবশেষে সেই যন্ত্রনা সহ্য করতে না পেরে জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে মো. কামারুজ্জামান (৩৫) নামের এক মাদক কারবারি স্বামীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে পুলিশে ধরিয়ে দিয়েছে স্ত্রী। 

শনিবার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার মেডিকেল মোড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছে ৩৮টি ইয়াবা ট্যাবলেট এবং দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। কামারুজ্জামান উক্ত উপজেলার বাবুরহাট এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন সরকারের ছেলে। 

পুলিশ জানায়, অভিযুক্ত কামারুজ্জামানের স্ত্রী প্রায় সময় তাকে মাদক কারবারি ছেড়ে দেওয়ার জন্য বললে তিনি তার স্ত্রীর ওপর শারিরীকভাবে নির্যাতন করতেন। শুক্রবার (১১ এপ্রিল) রাতেও তিনি মাদক কারবারির জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার স্ত্রী মাদক কারবারিতে নিষেধ করলে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার স্ত্রীর মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে আহত স্ত্রী পুলিশের কাছে স্বামীর মাদক কারবারি সংক্রান্ত তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে কামারুজ্জামানের মেডিকেল মোড়ের ভাড়া বাসা থেকে ৩৮টি ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেন্সিডিলসহ তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী দেশ রূপান্তরকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামারুজ্জামান মাদক কারবারিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

ওসি আরও বলেন, আমরা কামারুজ্জামানের স্ত্রীর মতো এমন সচেতন মানুষ সমাজে চাই। প্রত্যেক পরিবার যদি এভাবে সচেতন মানুষ থাকে, তারা এভাবেই পুলিশের সহযোগিতা করে তাহলে দেশ ও সমাজ থেকে মাদকসহ সকল অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধ করা সহজ হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত