মুন্সীগঞ্জ

চুমুর ছবি ভাইরালের ভয় দেখিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নগ্ন ভিডিওধারণের অভিযোগে নয়ন মোল্লা (২০) নামে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে এদিন রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীবাড়ি থানায় প্রেমিক নয়নকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন কিশোরীর বাবা। গ্রেপ্তার নয়ন জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের মৃত সায়েন মোল্লার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের নয়ন মোল্লার সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ভুক্তভোগী কিশোরীর। প্রেমের সম্পর্ক চলাকালে কিশোরীকে চুমু খেয়ে সেই ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে প্রেমিক নয়ন। পরবর্তীতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য কিশোরীকে প্রস্তাব দেয়।

প্রস্তাবে রাজি না হলে চুমু খাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে গত ২৮ মার্চ রাত সাড়ে ৮টার দিকে কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় প্রেমিক। পরে সেখানে প্রেমিক নয়ন মোল্লাসহ ৩ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় সেখানে উপস্থিত অপর আরও ২ জন নগ্নভিডিও ধারণ করে।

পরে রাত সাড়ে ৯টার দিকে কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দেয় প্রেমিক নয়ন। কিশোরী ভয়ে দীর্ঘদিন ঘটনাটি আড়াল করে রাখে। এরমধ্যেই ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে কিশোরীর পরিবারের লোকজন জানতে পারে। পরে শনিবার দিবাগত রাতে কিশোরীর বাবা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা করেন।

টঙ্গীবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম বলেন, চুমু খাওয়ার ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে প্রেমিক ও আরও কয়েকজন মিলে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা করা হলে আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত