বিগত সরকারের সময় নববর্ষের আয়োজন একদলীয় করা হয়েছে: রিজভী

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশি জাতিসত্তার এ দেশে আবহমান কাল থেকে যে সংস্কৃতি লালন এবং চর্চা হয়েছে, যে সংস্কৃতির গৌরব আমাদের মহিমান্বিত করেছে সেটিকে বিগত সরকারের সময় ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। সেটিকে একমাত্রিক, একদলীয় এবং এককেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরিদর্শনকালে তিনি এ সব বলেন। এ সময় তিনি চারুকলায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে তৈরি করা বিভিন্ন মোটিফ এবং প্রস্তুতিমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আজকের এ দিনটি খুবই আনন্দদায়ক। এখানে ফ্যাসিবাদমুক্ত একটি পরিবেশে কথা বলতে পারছি এতে আমার বুকটা ভরে গেছে। দীর্ঘ ১৬ -১৭ বছর এ সুযোগ আমরা পাইনি। এ সময়ে ফ্যাসিস্টরা তাদের নির্মম বিষদাঁত দিয়ে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে রেখেছিল। সেখানে কারও প্রবেশের সুযোগ ছিল না। আওয়ামী লীগ তাদের আধিপত্য এবং দৌরাত্ম দিয়ে সমস্ত কিছুকে ভেঙে ফেলার চেষ্টা করেছে।

রিজভী বলেন, যারাই এখানে আসার চেষ্টা করেছে তাদের দৈহিকভাবে আক্রমণ করা হয়েছে। জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকরা কোনও রকমে চাকরি করে গেছে। তাদের স্বাধীন মত প্রকাশের অধিকার ছিল না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের মূল থাবা নৃশংসতা। ফ্যাসিবাদের প্রতিক হিসেবে চারুকলার শিল্পীরা যা তৈরি করেছে তা ফ্যাসিবাদী কায়দায় পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের আবহমানকালের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি। ফ্যাসিবাদীরা হত্যা, পোড়ানো, গুম, অদৃশ্য করা এবং খুনের সংস্কৃতিকে এ সংস্কৃতিতে সংযোজন করেছে। তারা এখনও এ সংস্কৃতি থেকে বের হতে পারছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত