সখীপুরে আ. লীগ-ছাত্রলীগ ও যুবলীগের ৭ নেতা গ্রেপ্তার 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় করা মামলায় উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে রবিবার (১৩ এপ্রিল) দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলামের জামাতা ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ ফরিদ (৩৫), সখীপুর উপজেলা যুবলীগের সদস্য আতিকুর রহমান (৪০), আনোয়ার হোসেন (৩২), বহেড়াতৈল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিনহাজ খান (৪২),  সদস্য শাহাদাত খান (৪০) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল (৪০),বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করা হয়।

গত ৩ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিলে আসামিরা হামলা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলায় করা মামলায় ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শেখ ফরিদের নামে টাঙ্গাইল সদর ও সখীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলা রয়েছে। শেখ ফরিদকে সাত দিনের রিমান্ড চেয়ে সকল আসামিদের টাঙ্গাইল আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত