গাজায় লাশের মিছিল, নিহত ছাড়াল ৫০ হাজার ৯০০

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ এএম

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের নতুন করে চালানো বোমা হামলায় আরও অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে ক্ষুধার্ত মানুষদের খাবার সরবরাহে নিয়োজিত ছয় স্বেচ্ছাসেবক ভাইও রয়েছেন। 

আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর অবিরাম বিমান হামলা অব্যাহত রয়েছে। শুধু গতকাল রবিবারের হামলায়ই প্রাণ হারান কমপক্ষে ৩৭ জন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এই পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৪৪ জনে। চলমান সংঘাতে আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ১৫৬ জন। 

মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত ১১১ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলার ফলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

গত ১৮ মার্চ গাজায় ফের ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে প্রাণ হারিয়েছেন আরও ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি, আহত হয়েছেন ৪ হাজার ১১৫ জন। এই নতুন হামলা চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির চুক্তিকে কার্যত ভেঙে দিয়েছে।

উল্লেখ্য, প্রায় ১৫ মাসের সামরিক অভিযান এবং আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে গাজা থেকে সেনা প্রত্যাহার প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহে ফের আকাশপথে হামলা শুরু করে তারা।

জাতিসংঘের তথ্য বলছে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত