সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০৮ এএম

দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ। তার প্রভাবে আজ দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তরের মতে, বঙ্গোপসাগরের দক্ষিণাংশে অবস্থান করা এই লঘুচাপের বর্ধিতাংশ ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকাজুড়ে।

এই পরিস্থিতিতে দেশের কয়েকটি জেলায়—মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী—বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ খানিকটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু আজই নয়, আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৮ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তবে আগামী পাঁচদিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে এবং বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আকাশে মেঘের আনাগোনা ও সম্ভাব্য বৃষ্টির এ পরিস্থিতিতে জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত