ম্যান ইউকে গুঁড়িয়ে দিল নিউক্যাসল

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১০:২০ এএম

নামের ভার, জনপ্রিয়তা কিংবা পারফর্মেন্স- সবদিক দিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পিছিয়ে আছে নিউক্যাসল ইউনাইটেড। সেই ম্যান ইউকে তারা এক হালি গোল দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে উঠে এলো। প্রিমিয়ার লিগের ম্যাচটি তারা ৪-১ গোলে জিতেছে।

রবিবার রাতে নিউক্যাসলের মাঠে ২৪তম মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। ইসাকের থেকে বক্সের ভেতর বল পেয়ে দারুণ ভলিতে জালে পাঠান ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো টোনালি। ৩৭তম মিনিটে পাল্টা আক্রমণে দিয়োগো দালোতের পাস ধরে বাঁ পায়ের শটে ম্যাচে সমতা ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেজান্দ্রা গার্নাচো। দ্বিতীয়ার্ধের শুরুতে হার্ভি বার্নসের গোলে আবার এগিয়ে যায় নিউক্যাসল।

১৪ মিনিট পর প্রতিপক্ষের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগান বার্নস। নিজেদের সীমানায় ম্যান ইউ ডিফেন্ডার নুসায়ার মাজরাউই পিছলে পড়ে গেলে বল পেয়ে যান বার্নস। ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার। ৭৭তম মিনিটে গোলকিপারের ভুলে বল পেয়ে যান জোয়েলিন্টন। তার হেড থেকে বল পেয়ে স্কোরলাইন ৪-১ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল বর্তমান লিগ কাপ চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেড। অন্যদিকে ম্যান ইউ সর্বশেষ তিন ম্যাচে জয়শূন্য। হেরেছে দুটিতে্। ১৪তম পরাজয়ের পর ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে ম্যান ইউ। অন্যদিকে ৩১ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউক্যাসল। এক ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নটিংহ্যাম ফরেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত