বাংলা নতুন বছরের সকালেই নববর্ষ উদযাপন করতে রাজধানীর রমনা বটমূলে উপস্থিত হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছায়ানটের পরিবেশনায় ভোর থেকেই শুরু হয় বর্ষবরণ উৎসব। একক ও সমবেত কণ্ঠে মুখরিত হয়ে উঠে রমনার প্রতিটি প্রান্তর।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রেস সচিব বলেন, আজ রমনা বটমূলে সবার মিলনমেলা। আমরা সবাই সকাল থেকেই খুব আনন্দে আছি। একটা ‘নতুন’ নববর্ষকে বরণ করছি।
শফিকুল আলম বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয় যে সবাই একত্রিত হয়ে, সব জাতি-গোষ্ঠীর মানুষ একসঙ্গে হয়ে নববর্ষ পালন করছি। আমাদের এবার খুব ইচ্ছা ছিল যে সব জাতি-গোষ্ঠী, আমাদের বাংলাদেশে যারা আছেন, পাহাড়ি ভাই-বোন বা সমতলের ভাই-বোন, সবাই মিলে আমরা এবারের নববর্ষকে বরণ করব। তারা বিজু করেছেন, বৈসু করেছেন, সাংগ্রাই করেছেন, আমরা বৈশাখ করছি। একসঙ্গে সবাই মিলে বর্ষবরণ করছি। খুবই সুন্দর, নির্মল পরিবেশে। সকাল ৬টা থেকে খুবই সুন্দর গান হচ্ছে, কবিতা হচ্ছে, খুবই নির্মল পরিবেশ।’
প্রেস সচিব বলেন, ‘আমরা আশা করছি, বাংলাদেশের যে অশুভ পরিবেশ, জরা দূর হোক, বাংলাদেশ উত্তরোত্তর উন্নত হোক।’
এবারের নববর্ষে কী পরিবর্তন দেখছেন— এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল— আমরা সবাই সমতল ও পাহাড়ের জাতি-গোষ্ঠী সবাই মিলে একসঙ্গে মিলে আনন্দ করব, আনন্দ ভাগাভাগি করব। এটা হয়েছে।’
নতুন বছরে আপনার প্রত্যাশার কী— জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘নতুন বছরটাও ভালো কাটুক। আমরা যেগুলো পরিকল্পনা করেছি, দেশে আরও কর্মক্ষেত্র তৈরি হোক, বাংলাদেশ বিশ্বের ইকোনমিক হাব হিসেবে তৈরি হোক এবং আমরা আস্তে আস্তে নির্বাচনের প্রস্তুতি নিই, যাতে ভালো একটা নির্বাচন করতে পারি। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে, আমরা যেন নির্বাচনটা ভালোভাবে করতে পারি।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়: ফারুকী