মুরাদনগরে শতবর্ষী মাছের মেলায় ক্রেতাদের ভিড়

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পিএম

বাংলা নববর্ষকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও বসেছে মাছের মেলা। এটি কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে শত বছরের পুরোনো ঐতিহ্য এই মাছের মেলা। মাছের মেলায় দূরদূরান্ত থেকে আগত হাজারো ক্রেতা-বিক্রেতার কলরবে মুখরিত হয়ে উঠেছিল মেলা প্রাঙ্গণ। ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই মাছের মেলা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মেলায় ভিড় ঠেলে এগোতেই কানে ভেসে আসে মাছ বিক্রেতাদের হাঁকডাক।  মেলায় কাতলা, রুই, মৃগেল, পাঙ্গাস, গ্রাসকার্প, কার্ফু, কালবাউশ, বিগহেড, সিলভার কার্পসহ হরেক রকমের বড় মাছ ছাড়াও রয়েছে চিংড়ি, টেংড়া, পাবদা, শোল আরো নানা প্রজাতির মাছ। সেখানে ভোর থেকে বসেছে সারি সারি মাছের দোকান। চলছে হাঁকডাক ও দরদাম। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ৫শ থেকে ১২শ টাকা কেজি বিক্রি হচ্ছে। ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন ঐসব মাছ। আবার মেলা ঘুরতে এসেছেন অনেকেই। 

মাছ ব্যবসায়ীরা বলেন, পহেলা বৈশাখ ঘিরে মাছের চাহিদা অনেক বেড়েছে। আমরা সবধরনের মাছ নিয়ে এসেছি। নববর্ষ উপলক্ষে সবাই বড় মাছটাই বেশি কেনেন। মাছের দাম কিছুটা  বেশি।

মেলায় ঘুরতে এসে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর বলেন, ‘ঐতিহ্যবাহী এই মেলা ঠিক কবে শুরু হয়েছিল সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে এই মেলার বয়স শত বছরের বেশি এবং এটি মুরাদনগরের ঐতিহ্য। মেলা থেকে বড় মাছ কিনে স্বজনদের বাসায় পাঠানো হয় এবং অনেকে মেলার মাছ দিয়ে অতিথি আপ্যায়নও করেন।’ 

রামচন্দ্রপুরের ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, ‘মেলায় নানা জাতের বড় আকারের মাছ উঠলেও দাম একটু বেশি। বিক্রেতাদের সঙ্গে দরাদরি করে মাছ কিনে নিতে হচ্ছে। তার পরেও সবাই সাধ্যমতো মাছ ক্রয় করছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত