নোয়াখালীতে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম

নোয়াখালী জেলার বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ায় চালকের দুই সহকারী নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোর চারটার দিকে বেগমগঞ্জ থানার কাছে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি ট্রাকের চালক আহত হন।

নিহত দুজন হলেন- মোহাম্মদ সজীব (১৮) ও মোহাম্মদ সাকিব (১৭)। তাদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকার বাসিন্দা। খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দুই ব্যক্তির লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ থানা থেকে আনুমানিক ৩০০ গজ পশ্চিমে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল একটি বালুবাহী ট্রাক। ভোর চারটার দিকে পেছনের দিক থেকে আসা আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের কেবিনে বসা দুই সহকারী ঘটনাস্থলে নিহত হন। ধাক্কা দেওয়া ট্রাকের চালকও আহত হন। তবে তিনি দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ধাক্কা দেওয়া ট্রাকের চালকের দুই সহকারী নিহত হন।

ওসি আরো বলেন, ধাক্কা লেগে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পাশের ডোবায় পড়ে যায়। আর ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের কেবিন চ্যাপ্টা হয়ে যায়। ট্রাক দুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত