আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫১ এএম

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে আর্সেনালের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩–০ গোলে হারায় সেমিতে ওঠার লড়াই থেকে রিয়াল প্রায় ছিটকে গেছে। প্রয়োজন ঘরের মাঠে দুর্দান্ত একটি পারফর্মেন্সের। এমন ম্যাচের আগেই নিষেধাজ্ঞা পেলেন কিলিয়ান এমবাপ্পে। তবে তার এই ম্যাচ খেলতে বাধা নেই।

গত রবিবার আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে আন্তোনিও ব্লাঙ্কোকে মারাত্মক ফাউল করার শাস্তি হিসেবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। সেদিন রেফারি তাকে শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখিয়েছিলেন। ম্যাচের শুরু থেকে বারবার ফাউলের শিকার হওয়ায় হয়তো ক্ষেপে গিয়েছিলেন এমবাপ্পে। তাই তিনি মারাত্মক ফাউল করে বসেন।

খেলা শেষে আন্তোনিও ব্লাঙ্কোর কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। তবে নিষেধাজ্ঞা এড়াতে পারেননি। রিয়ালের জন্য সুখবর হলো, শাস্তির কারণে আজ আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ খেলতে এমবাপ্পের কোনো বাধা নেই। কারণ, লা লিগায় করা অপরাধের শাস্তি চ্যাম্পিয়নস লিগে প্রযোজ্য হবে না। আগামী রবিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচটিতে এই শাস্তি প্রযোজ্য হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত