রমনায় গৃহকর্মী লিজা হত্যা 

সাবেক এমপি নবী নেওয়াজের পাঁচ দিনের রিমান্ড

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম

রাজধানীর রমনা এলাকায় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।  

এদিন নবী নেওয়াজকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে, গত ১১ এপ্রিল রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই রাজধানীর রমনা থানাধীন এলাকায় গুলিতে আহত হন গৃহকর্মী লিজা আক্তার। পরে ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

এ ঘটনায় নিহত লিজার বাবা মো. জয়নাল শিকদার গত ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১৭৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। নবী নেওয়াজ মামলার ১৭০ নম্বর এজহারভুক্ত আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত