ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে ঢাকার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভকারীরা সাতরাস্তাসহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন।
অবরোধের ফলে এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। যানজটের প্রভাব ছড়িয়ে পড়েছে মহাখালী পর্যন্ত।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে দিয়েছে। চারদিকের সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ট্রাফিক পুলিশ কাজ করছে, তবে শিক্ষার্থীরা সরে না গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে না।’
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে। আমরা প্রস্তাব দিয়েছিলাম, তাদের প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করব। কিন্তু তারা তাতে রাজি হয়নি।’
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, পূর্বেও একাধিকবার দাবি জানানো হলেও তা উপেক্ষিত হয়েছে। তারা বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি কারণ কেউ আমাদের কথা শোনেনি। এবার কথা বলতে হলে তাদেরই আমাদের কাছে আসতে হবে, আমরা সচিবালয়ে যাব না।’
অবরোধের কারণে তেজগাঁও-মগবাজারসহ আশপাশের সড়কে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
আইইউবির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন আন্তর্জাতিক শিক্ষাবিদ ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড
পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি আটক