গাইবান্ধায় ডিউটিরত অবস্থায় পুলিশের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পিএম

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ডিউটিরত অবস্থায় সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। বুধবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এরআগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ সুত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্য সাজু প্রধান গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন। রাতে ডিউটিরত অবস্থায় আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বগুড়া হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ সদস্য সাজু প্রধান বাড়ি পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগাছা সদর উপজেলার তালুককৃষাণমাটেল গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা। সাজু প্রধান এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।

ওসি বুলবুল ইসলাম জানান, আদালত চত্বরে দায়িত্ব পালনকালে রাত সাড়ে ১০টার দিকে কনস্টেবল সাজু প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।

ওসি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তাদের নির্দেশে সাজু মিয়ার মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। সাজুর এমন মৃত্যুতে আমরা পুলিশ পরিবার শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সকালে এখানে প্রথম জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

সাজু প্রধান ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সম্প্রতি তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যোগ দেন। সহকর্মীদের কাছে ছিলেন হাস্যজ্জন পুলিশ হিসেবে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত