মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ফাঁসি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পিএম

চুয়াডাঙ্গা মেয়েকে ধর্ষণের দায়ে বাবা আলতাপ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আলতাপ হোসেনের (৪৬) বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। তিনি ঘরজামাই হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বসবাস করে আসছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী গাংনী ইউনিয়নে ওই কিশোরীকে বিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েকদিন পর স্বামীর বাড়িতে অবস্থানকালে পেটে ব্যথা ও বমি বমি ভাব হলে প্রেগনেন্সি পরীক্ষায় ২-৩ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে ভুক্তভোগী জানান, ২০২৩ সালের ৫ ডিসেম্বর তার মা বোনের বাড়িতে গেলে সেদিন রাতে বাবা তাকে ধর্ষণ করে। পরবর্তীতে মেরে ফেলার ভয় দেখিয়ে ২-৩ মাসে ৭-৮ বার ধর্ষণ করা হয় তাকে।

তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বাবর আলী ২০২৪ সালের ১১ ডিসেম্বর অভিযুক্ত বাবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও পরীক্ষা-নিরীক্ষা শেষে এ মামলায় রায় দেন আদালত।

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসূলি (স্পেশাল পিপি) এম এম শাহজাহান মুকুল বলেন, কিশোরী ধর্ষণ মামলায় পিতাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানার আদেশ হয়েছে। সমাজে এ ধরনের ঘৃণিত অপরাধ আর যেন না ঘটে সেজন্য এ রায় যুগান্তকারী হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত