পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লকেড: ফেনীতে দুই ট্রেনের যাত্রা বিলম্বিত 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ছয় দফা দাবিতে ফেনীতে রেলপথ অবরোধ (ব্লকেড কর্মসূচি) করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত ফেনী রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা ১০ মিনিট ফেনী স্টেশনে আটকা পড়ে।

একই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ৪৫ মিনিট পর্যন্ত গুনবতি স্টেশনে সংকেতের অপেক্ষায় ছিল৷ এ সময় রেলক্রসিং এলাকায় রাস্তার দুই পাশে হাজার হাজার পরিবহন আটকা পড়ে দীর্ঘ যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুর রহমান ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান ঘটনাস্থলে এসে ছাত্রদের বুঝিয়ে কর্মসূচি প্রত্যাহার করান।

কর্মসূচিতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি ফেনী, কমপেক্ট মেডিকেল ইনস্টিটিউটসহ বিভিন্ন কারীগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। 

ফেনী টেকনিক্যাল ইনস্টিটিউটের সপ্তম পর্বের শিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ, ক্রাফট ইন্সট্রাক্টরসহ কারিগরি সকল পদে শুধুমাত্র কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিতকরণ সহ ৬ দফা দাবিতে দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। 

কর্মসূচিতে উপস্থিত থাকা ষষ্ঠ পর্বের মো. মাসুদ বলেন, বছরের পর বছর আমরা এসব দাবি নিয়ে সোচ্চার হলেও প্রশাসন নিরব থাকে। তাই আমরা গতকাল সাংবাদিক সম্মেলন ও আজ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছি। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। 

ফেনীর ট্রাফিক ইনচার্জ এসএম শওকত হোসেন বলেন, শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের পর এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মুহাম্মদ হারুন বলেন, কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী বিলম্বে স্টেশনে আগমন-প্রস্থান করে। দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী সদস্যদের নিয়ে রেলক্রসিং এলাকায় গিয়ে ছাত্রদের সাথে কথা বললে তারা ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে নেন। আগামীতে যে কোন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আমার কার্যালয়ে আসতে তাদের আহ্বান জানানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত