বাংলাদেশ ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই তার পারফরম্যান্স ও জনপ্রিয়তা নতুন উদ্দীপনা তৈরি করেছে ফুটবলে। এই ধারায় কানাডাপ্রবাসী শমিত শোমও বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। হামজা ও শমিতের অনুপ্রেরণায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সব ফেডারেশনকে প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় দলে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বুধবার এই নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সকল ফেডারেশনকে অনুরোধ করেছে এনএসসি।
শুধু ফুটবলে নয়, অন্যান্য খেলাতেও প্রবাসী ক্রীড়াবিদদের উপস্থিতি ইতিমধ্যে সফলতা এনেছে। ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর রহমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনা জিতেছেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইক সিজার লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছেন, আর জিমন্যাস্ট আলী কাদির ও সাঁতারু জুনাইনা আহমেদ আন্তর্জাতিক আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।
সরকার প্রবাসী ক্রীড়াবিদদের আনতে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে, এমনকি পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সমাধানে সক্রিয় ভূমিকা রাখছে এনএসসি। প্রবাসীদের সংযুক্তিতে আন্তর্জাতিক সাফল্যের পথ আরও প্রশস্ত হচ্ছে, যা ভবিষ্যতের জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আশার আলো জাগাচ্ছে।
জাতীয় ক্রীড়া পরিষদ বলছে, এসব খেলোয়াড়দের আনতে প্রবাসে বসবাসকারী ক্রীড়া সংগঠকদের সাথেও যোগাযোগ করা হবে। এ ছাড়া নাগরিকত্ব ও কাগজপত্র প্রক্রিয়া সহজ করতে ক্রীড়া ও পররাষ্ট্র মন্ত্রণালয় একসাথে কাজ করবে।
