সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০১:১৫ এএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ৩ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান কাজে সেবা প্রত্যাশীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ নানাবিধ অনিয়ম -দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জামালপুর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট দল অভিযান পরিচালনা করে।  এ সময় তারা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে সেবাপ্রার্থী, দলিল লেখক, সাব- রেজিস্ট্রার ও অফিসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। পরে তারা সেখান থেকে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেন। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক এনফোর্সমেন্ট দল দুদক কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন

এ ব্যাপারে উপজেলা সাব-রেজিস্টার মহসিন উদ্দিন আহমেদ বলেন, ‘সারাদেশে ৩৫ টি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় হয়তো বা সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসেও অভিযান চালানো হয়। দলটি অফিসে আসা সেবাপ্রার্থী, অফিস স্টাফসহ বিভিন্ন জনের সাথে কথা বলেছেন, বিভিন্ন রেকর্ডপত্র চেয়েছেন। এ সময় কিছু তথ্য দিয়েছি, বাকি রেকর্ডপত্র দ্রুত সময়ের মধ্যে এনফোর্সমেন্ট টিমের কাছে পাঠানো হবে।’ 

জামালপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমম্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, ‘জমির দলিল রেজিস্ট্রেশন করতে সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা সাব-রেজিস্ট্রারঅফিসে অভিযান চালানো হয়। বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত