প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে।’ গতকাল বুধবার সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে তিনি একথা জানান।
প্রধান বিচারপতি বলেন, ‘এখন সবদিক থেকে যাচাই-বাছাই চলছে। আমরা যে প্রস্তাব দিয়েছি তা নিয়েও কাজ চলছে। অচিরেই এটি চূড়ান্ত রূপ পাবে। কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কি না, তা দূরীকরণেরও কাজ চলছে।’
এ সময় প্রধান বিচারপতি তার ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে। আইনজীবীদের বিশেষ করে নারী আইনজীবীদের যে অবকাঠামোগত অসুবিধা রয়েছে তা অচিরেই দূর করা হবে।’
প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শোনেন, আশ্বাস দেন সমাধানের। এদিন হাইকোর্টের নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা ও স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন।
