ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পালিত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৩১ এএম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন গতকাল বুধবার রাজধানীর আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। এ সমাবর্তনে আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের ২ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এ ছাড়া অনন্য মেধাবী ছয়জন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক।

শিক্ষা উপদেষ্টা তার বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একদিকে নতুন প্রযুক্তি সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে। অন্যদিকে বিশ্বব্যাপী অসহিষ্ণুতা, উগ্রজাতীয়তাবাদ এবং সংকীর্ণতা বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে নিজেদের মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে বিশ্বব্যাপী শান্তি, সহিষ্ণুতা, সমতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ে তুলতে তরুণদের প্রতি শিক্ষা উপদেষ্টা আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ জানান, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখন খবরদারির জায়গা থেকে সহযোগিতার জায়গাতে চলে এসেছে। সদ্য স্নাতক শিক্ষার্থীদের তিনি কর্মজীবনে পরিবারের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালনের উপদেশ দেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ থেকে ২৫ বা ৩০ বছরের পরের বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে তোমাদের ওপর। গ্র্যাজুয়েটদের তিনি চাকরির বদলে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তবে কোনো উদ্যোগ শুরু করার আগে একদম নিচের ধাপ থেকে কাজটা শিখে নিয়ে তারপর ব্যবসা আরম্ভ করতে বলেন। অন্যথায় লোকসানের আশঙ্কা প্রকাশ করেন তিনি। চীনের উদাহরণ দিয়ে বলেন, বড় প্রতিষ্ঠান করতে হবে এমন নয়, ছোট ছোট প্রতিষ্ঠান গড়েও দেশের জিডিপিতে বড় অবদান রাখা যায়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত