সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ এএম

সাটুরিয়ার তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে পরিচালিত অভিযানে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. মনির হোসেন (দুর্লভ) (৪২), বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য জুহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৪৪)।

ওসি শাহিনুল ইসলাম আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কোন মামলায় আদালতে পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

উল্লেখযোগ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম সাটুরিয়ায় একযোগে ছয়জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করল থানা পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত