আকাশ কালো মেঘে ঢাকা। ঝরো বাতাসের সঙ্গে বৃষ্টি। তাতে টিলার পাশেই সবুজ গালিচা বিছানো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্য যেন নতুন করে রঙ মেখে উঠেছে। এমন নয়নাভিরাম দৃশ্যের মাঝে বসে বৃষ্টিও উপভোগ করা যায়—এ মাঠের ড্রেসিংরুম থেকে দেখা যায় এক অনন্য রূপ, যেখানে বিরক্তি নয়, বরং প্রশান্তিই ছড়িয়ে পড়ে। কিন্তু ক্রিকেটারদের অনুশীলনের সময় বৃষ্টির আগমন মানেই ছন্দপতন। ঠিক যেমনটা হলো আজ জিম্বাবুয়ে দলের অনুশীলনে।
সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে অনুশীলনে নামার কথা ছিল শন উইলিয়ামসনদের। তবে প্রকৃতি তখন অন্য মেজাজে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি প্রস্তুতি। এক ঘণ্টা পঁচিশ মিনিট অপেক্ষায় থাকতে হয় সফরকারীদের।
অবশেষে বৃষ্টি থেমে যখন এক ঝলক রোদের দেখা মিলল, তখনই মাঠে নামেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। শুরুটা হয় হালকা দৌড় দিয়ে। এরপর নেটে কেউ ব্যাটিং-বোলিং নিয়ে ব্যস্ত, কেউ আবার ফিল্ডিংয়ের চর্চায় মগ্ন। প্রায় ৫০ মিনিট ধরে চলছিল সেই প্রস্তুতি।
কিন্তু এরপর আবারও বৃষ্টি। এইবার খানিকটা জোরেই নামে। হঠাৎ ঝুম বৃষ্টিতে তড়িঘড়ি করে মাঠ ছাড়েন উইলিয়ামসনরা। উইকেট দ্রুত ঢেকে দেন মাঠকর্মীরা। সকাল ১১টা ৫২ মিনিটে বন্ধ হয়ে যায় অনুশীলন, যা এ রিপোর্ট লেখা পর্যন্ত আর শুরু হয়নি।
একই বিজ্ঞাপনচিত্রে মেসি আর ধোনি!