স্কুলছাত্রী জান্নাতিকে শ্বাসরোধে হত্যা, যুবক গ্রেপ্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জান্নাতি বেগম (১২) নামে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলা ইউনিয়নের চর ভোটমারী গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত যুবক বেলাল হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জান্নাতি ওই গ্রামের ফজলুল হকের মেয়ে এবং ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গ্রেপ্তার বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে জান্নাতির মা অসুস্থ নানিকে দেখতে পাশের বাড়িতে গেলে জান্নাতি একা ছিল। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। বাড়ির চারপাশে ভুট্টা খেত থাকায় সেখানেও খোঁজ শুরু করেন। একপর্যায়ে বেলালসহ আরও ৪-৫ জনকে ভুট্টা খেত থেকে পালিয়ে যেতে দেখেন জান্নাতির মা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি খেতে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে বেলালের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, জান্নাতির মুখ ও গলায় মাটি গুঁজে দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহতের ভাইয়ের সঙ্গে গ্রেপ্তার যুবকের ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। হত্যার পেছনে সেই বিরোধের প্রভাব থাকতে পারে বলেও তদন্তে দেখা হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত