খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফ্ফারের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে নগরীতে সুপেয় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াসার শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়াসা কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি নূর করিম বলেন, ওয়াসার কতিপয় কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বহিরাগত সন্ত্রাসীরা বুধবার দুপুরে জি এম আব্দুল গফফারের ওপর হামলা চালায়। দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারী সন্ত্রাসীরা ওয়াসা অফিসের অদূরে পোর্ট স্কুলের সামনে অস্ত্রের মুখে তার গতিরোধ করে। পরে সন্ত্রাসীরা গফফারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খালিশপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি।
নূর করিম বলেন, খুলনা মহানগরীতে ওয়াসার ১৮০টি পাম্প ও ৯টি প্লান্ট রয়েছে। সব মিলিয়ে ৫ শতাধিক শ্রমিক-কর্মচারী ওয়াসায় কর্মরত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে সব পাম্প ও প্লান্ট বন্ধ করে দিয়ে সুপেয় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওয়াসার কতিপয় কর্মচারী বিগত ১৫ বছরে বাড়িতে বাড়িতে অবৈধ পানির সংযোগ দিয়ে লাখ লাখ টাকা অবৈধভাবে আয় করেছে। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করায় তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বহিরাগত সন্ত্রাসীরা গফফারের ওপর হামলা চালিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি কবির হোসেন, যুগ্ম-সম্পাদক ও হামলার প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, একরাম হোসেন, আরাফাত হোসেন, ওয়াসার শ্রমিক-কর্মচারী পরিষদের সমন্বয়ক এস এ মুকুল প্রমুখ।
১১ পরীক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, ৫ শিক্ষককে জরিমানা
সৌদি রাষ্ট্রদূতকে আদালতে মেঘনার স্বামী দাবি 