বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আগামী ১৯ এপ্রিল থেকে রাজধানীর পল্টনে অবস্থিত শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে 'টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা-২০২৫'। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের পক্ষ থেকে জনাব এজাজ কাদরী (সেলস অ্যান্ড স্টেশন অফিসিয়াল), বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি জনাব ফারুক হাসান, সহ-সভাপতি মোঃ মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন ও সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক মো. সোহেল রানা (লিংকন)। এছাড়া ফেডারেশনের অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এবারের আসরে দেশের শীর্ষস্থানীয় আটটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলো হলো—বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), তিতাস ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল ও বিকেএসপি।
আগামী শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংগঠকরা আশা করছেন, দেশীয় ভলিবলের প্রচার ও প্রসারে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রতিযোগিতাটিকে সফল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
কঠিন হলো জ্যোতিদের বিশ্বকাপ সমীকরণ