জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ এপ্রিল এক নারী বাদী হয়ে জয়পুরহাট থানায় বেহেস্তী রহমান ঈদকে আসামি করে মামলা করেন। এরপর বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র্যাব-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জয়পুরহাট থানার পুলিশ তাকে ঢাকা থেকে নিয়ে আসে।
গ্রেপ্তার বেহেস্তী রহমান ঈদ জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী ও শহরের সাহেবপাড়া মহল্লার আনিসুর রহমান আনিসের ছেলে। বেহেস্তী রহমান ঈদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। গত ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।
এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের কয়েকদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ভিকটিম নিজেই পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। ওই মামলায় বেহেস্তী রহমান ঈদকে র্যাব-১ ঢাকায় গ্রেপ্তার করেছে। বুধবার রাতে পুলিশ পাঠিয়ে ঢাকা থেকে তাকে জয়পুরহাটে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ, বিচারের দাবিতে বিক্ষোভ
যুবলীগের ‘ঝটিকা’ মিছিল, গ্রেপ্তার ৫