বর্ণিল আয়োজনে জেদ্দায় বাংলা বর্ষবরণ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১২ পিএম

বাংলা নববর্ষ ১৪৩২কে বরণ ও সৌদি আরব প্রবাসী সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে আনন্দ উৎসব ও বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দিবসটির শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। 

নববর্ষ উদযাপন উপলক্ষে দেশীয় সংস্কৃতি পরিবেশন ও পিঠা উৎসবে বিভিন্ন ধরনের পিঠা ও দেশীয় খাবারের স্টল প্রদর্শন ছাড়াও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যম ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কারিকুলাম এর ছাত্র-ছাত্রী এবং প্রবাসী শিল্পীগণের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংস্কৃতিক পরিবেশন শেষে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী শ্রেণি পেশার মানুষকে নববর্ষের শুভেচ্ছা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি নতুন বছরে পহেলা বৈশাখে দুঃখ গ্লানি ভুলে বৈষম্যবিরোধী আন্দোলনের ত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। 

তিনি বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত লোকজ সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরার এবং আমাদের বাংলাদেশি সন্তানরা যেন বিদেশি সংস্কৃতি মোহে বাংলার সংস্কৃতি ভুলে না যায় সে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি সবাইকে সৌদি আরবের আইন মেনে চলা ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান।

বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ধরে রাখায় স্থানীয় শিল্পীদের অভিবাদন জানিয়ে প্রশংসা করেন।

বর্ষবরণ অনুষ্ঠানে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যম ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা কারিকুলাম এর শিক্ষক, ছাত্র ছাত্রী বিভিন্ন স্থরের প্রবাসী দেশীয় শিল্পী, গণমাধ্যম কর্মী, প্রবাসী বাঙ্গালী কমিউনিটি এবং বাংলাদেশ কনসুলেটর সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত