সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রথম টেস্টে ২০১৮ সালে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া সেই টেস্ট রাঙাতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। ম্যাচটা হেরে গিয়েছিল তারা ব্যাটারদের ব্যর্থতায়। সাত বছর পর সেই সিলেটে আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবার প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাইছে না দল।
সেই প্রস্তুতি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বুধবার সিলেটের গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ফাহিম প্রথম টেস্টের প্রস্তুতি নিয়ে জানালেন, ‘খেলোয়াড়রা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা যে কন্ডিশনে প্র্যাকটিস করছে, সেটা ইতিবাচক দিক। পুরো টিম ম্যানেজমেন্ট এখানে রয়েছে। তারা খেলোয়াড়দের বোঝাতে পেরেছে কী ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছে। আশা করি এই প্রস্তুতি কাজে দেবে জিম্বাবুয়ের বিপক্ষে।’
গত বছর ঘরের মাঠে টানা চারটি টেস্ট হেরেছে বাংলাদেশ। এই ব্যর্থতা নিয়ে কাজ হচ্ছে কি না, এমন প্রশ্নে ফাহিম বলেন, ‘কাজ হচ্ছে। এই ব্যর্থতাই হয়তো খেলোয়াড়দের আরও গভীরভাবে প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করবে। ঘরের মাঠে নিজের দর্শকদের সামনে জেতাটা ভিন্ন এক সন্তুষ্টি দেয়। খেলোয়াড়দের মাথায় নিশ্চয়ই থাকবে সেটা। জিম্বাবুয়ে হয়তো অনেক শক্তিশালী দল নয়, কিন্তু তারা একটি পূর্ণ টেস্ট খেলুড়ে দেশ। তাই সর্বোচ্চটা দিয়ে খেলা উচিত।’
বাংলাদেশ একসময় স্পিন উইকেটের সুবিধা নিয়ে ঘরের মাঠে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়াত। কিন্তু এখন সেই যুগ বদলেছে বলে মনে করেন ফাহিম। তিনি বলেন, ‘প্রত্যেক দলই এখন স্পিন ভালো খেলে, ভালো স্পিনারও আছে তাদের। তাই এখন জিততে হলে ভালো উইকেটে ভালো খেলতে হবে। এটা একদিক দিয়ে ভালো, কারণ দেশের বাইরেও খেলতে হবে এমন কন্ডিশনে। হোম অ্যাডভান্টেজ বলে যে ধারণা ছিল, সেটা থেকে বের হয়ে আসছে দল। ক্রিকেটারদের মধ্যেও সেই মানসিকতা তৈরি হয়েছে।’
ব্যাট-বলের সমান লড়াই হবে এমন উইকেট সিলেট টেস্টে চান ফাহিম, ‘আমার আশা থাকবে স্পোর্টিং উইকেটের। আমাদের পেস বোলিং স্ট্রেন্থ, আন্তর্জাতিক ইভেন্টের কথা মাথায় রেখে এমন উইকেট প্রয়োজন যেটাতে স্পিনের অতিরিক্ত প্রভাব থাকবে না। শুধু স্পিনিং উইকেট পেলে সেই ধরনের খেলোয়াড় তৈরি হবে না যারা বিশ্বমঞ্চে আমাদের সাফল্য এনে দিতে পারবে।’
সিলেটে এবার কি বদলাবে বাংলাদেশের ভাগ্য? জবাব দেবে মাঠের লড়াই।
'রেমোন্তাদা'র মোহভঙ্গ রিয়ালের, মৌসুমটাই ছিল ব্যর্থতার প্রতিচ্ছবি
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন চার নারী খেলোয়াড়