বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয়’ বলে প্রত্যাখ্যান করল ভারত

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০১:২৯ পিএম

ভারতে মুসলিম সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে এই আহ্বানকে ‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে বলেন, ‘আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানায়।’

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এটি বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার একটা চেষ্টা।’

প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এই অস্থিরতা মুর্শিদাবাদের পাশাপাশি মালদা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলাতেও ছড়িয়ে পড়ে। এসব এলাকায় ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে।

বাংলাদেশের পক্ষ থেকে এই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হলেও বিষয়টি ভারত সরকার ‘অভ্যন্তরীণ’ হিসেবে উল্লেখ করে অন্য দেশের মন্তব্যকে অপ্রয়োজনীয় বলে মনে করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত