ছয় দফা দাবির বাস্তবায়ন ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে সাতরাস্তা মোড় ঘুরে মিছিলটি ইনস্টিটিউটের দক্ষিণ গেটে গিয়ে শেষ করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। দাবি আদায়ে এবার কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা জানান, ‘এসি রুমে’ বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়— বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নিতে হবে এখনই।
কারিগরি শিক্ষার ক্ষেত্রে বৈষম্য এখনো দূর হয়নি উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর আন্দোলনে যাবেন তারা। এ লক্ষ্যে গাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে এক সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কারিগরি শিক্ষা আন্দোলনের নেতারা দেশের সকল পেশাজীবী ও সংগঠনকে পাশে থাকার আহ্বান জানান।
এর আগে, গত বুধবার ছয় দফা দাবিতে রাজধানীর সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে বসেন তারা। তবে সে বৈঠকে দাবি পূরণে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের ৬ দাবি
জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করা। ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগের জন্য নিয়োগবিধি অবিলম্বে বাতিল করা, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল এবং মামলার প্রধান কারিগর ক্রাফট ইন্সট্রাকটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা।
উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) থেকে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং এই পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম দশম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬ হাজার টাকা দেওয়া।
কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব বা নিয়োগ দেওয়া।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা।
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাস করতে হবে এবং বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ সিট নিশ্চিত করা।
ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে: গোলাম পরওয়ার
সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি: সিপিবি সভাপতি
রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা