আসন্ন ১ মে শ্রমিক দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে দাওয়াত কার্ড দিতে বাসা থেকে বেরিয়েছিলেন মেহের আলী। পথে ঘাতক পিআপ ভ্যান প্রাণ কেড়ে নেয় তার। মে দিবসের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করা শ্রমিক ইউনিয়নের নেতা মেহের আলী অনুষ্ঠান দেখে যেতে পারলেন না।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী (৫২) নামে এক ভ্যান শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হন আরো দুইজন।
নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার পরশ আলীর ছেলে। আহতরা হলেন- একই উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার নেহাজ উদ্দীনের ছেলে মোজাফফর এবং অপু শেখের ছেলে আশিকুজ্জামান শামীম। তারা সবাই জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দেবীডুবা ইউনিয়ন শাখার সদস্য।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মেহের আলী, মোজাফফর এবং আশিকুজ্জামান শামীম মে দিবস উপলক্ষে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের দাওয়াত কার্ড বিতরণ করার উদ্দেশ্যে দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথে লক্ষীরহাট চৌরাস্তায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পিক-আপের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়েন তারা।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মেহের আলীকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. আবু নোমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষনের মধ্যেই মেহের আলীর মৃত্যু হয়। অন্যদিকে শামীম ও মোজাফফরের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মোজাফফরের অবস্থা গুরুতর।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েল রানা বলেন, চিকিৎসক মৃত্যুর কারন নিশ্চিত করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।
চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া শিশুটি উদ্ধার হয়নি এখনও 