রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার ও আজ রবিবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমদ নির্ঝর (২৮), পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮), শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০), মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ওহিদ এম আর রহমান (৫০), স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শামীম শাহরিয়ার (৫৮), ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস কাঞ্চন (৬৪), ৩৩ নম্বর বংশাল ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮), ঢাকা মহানগর উত্তর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল হাসান রতন (৩৪) এবং উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)।
ডিবি সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে মিরপুর-১০ এলাকা থেকে সাব্বির আহমদ নির্ঝর এবং সকাল ১০টায় উত্তর বাড্ডা এলাকা থেকে রবিন দেওয়ানকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর ও গুলশান বিভাগের পৃথক দুটি দল। একই দিন দুপুর ১২টায় ফুলবাড়িয়ার আনন্দবাজার এলাকা থেকে ইব্রাহিম খলিল ওরফে কালু, সন্ধ্যায় দিয়াবাড়ী এলাকা থেকে কামরুল আহসান নিশাদ ও সন্ধ্যা ৭টায় মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে মগবাজার এলাকা থেকে শামীম শাহরিয়ার ও যাত্রাবাড়ী এলাকা থেকে মো. ইলিয়াস কাঞ্চনকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ও ওয়ারী বিভাগের দুটি টিম।
রবিবার (২০ এপ্রিল) রাত ১২টা ৪৫ মিনিটে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুম এবং রাত ১টায় মগবাজার থেকে মো. হাবিবুল হাসান রতনকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১১টা ৫৫ মিনিটে মোহাম্মদপুর এলাকা থেকে ওহিদ এম আর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগ।
ডিবির ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে সক্রিয় ছিলেন। তারা সংঘবদ্ধভাবে ঝটিকা মিছিলসহ নানা কার্যকলাপের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন: স্বাস্থ্য উপদেষ্টা