অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলোতে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ রবিবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে অংশগ্রহণের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ জানান, ‘আমরা সব বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা এবং গুরুত্বের সঙ্গে সংস্কার উদ্যোগগুলোতে সহযোগিতা করছি।’
সংলাপে অংশ নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এর আগে, গত বৃহস্পতিবার প্রস্তাবনা নিয়ে প্রথম দিনের আলোচনায় অংশ নেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে আরেকটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে মোট ১১টি কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয় ‘জাতীয় ঐকমত্য কমিশনের’ কার্যক্রম, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আবারও ফিরছে ‘ঢাকা রক ফেস্ট’