দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম

সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি ও নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণের সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। আজ রবিবার নারীবিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নেতৃবৃন্দ তাদের সুপারিশসহ প্রতিবেদন পেশ করেন।

সুপারিশমালায় বলা হয়, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে নারীর জন্য অন্তর্বর্তী সরকারের মেয়াদে করণীয় বিষয়ে বলা হয়েছে, জলবায়ু অভিযোজন ও প্রশমন সম্পর্কিত লিঙ্গ-বিভাজিত তথ্য সংগ্রহ ও প্রচার বৃদ্ধি করা।

পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে করণীয় বিষয়ে বলা হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে বাস্তুভিটা হারানো নারীদের এবং যে পরিবারের পুরুষ পরিবারকে রেখে অন্যত্র গেছে, সে সব পরিবারের নারীদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে জীবিকা সহায়তা প্রদান। পরিবেশগত আইনে জলবায়ু ও জেন্ডার ন্যায়বিচার অন্তর্ভুক্ত করার জন্য পর্যালোচনা ও সংস্কার। পরিবেশগত প্রভাব যাচাই সমীক্ষার সময় বাধ্যতামূলকভাবে জনসাধারণের সঙ্গে পরামর্শের ব্যবস্থা থাকা, যেখানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হবে। সমীক্ষার ফলাফল জনসাধারণের জন্য উন্মুক্ত করা।

প্রধান উপদেষ্টা প্রতিবেদন পেয়ে নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে-সব সুপারিশ বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন।

চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এ কমিশনের মেয়াদ রয়েছে। গতবছরের নভেম্বরে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এ সংস্কার কমিশন মোট ৪৩টি নিয়মিত বৈঠকে অংশগ্রহণ করেন। নারী অধিকার, উন্নয়ন সংস্থা, শ্রমিক সংগঠন, পাহাড় ও সমতলের অধিবাসী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে ৩৯টি পরামর্শ সভা করেছে কমিশন। আর অন্যান্য সংস্কার কমিশনের সঙ্গে ৯টি সভায় মিলিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত