বাংলাবান্ধা স্থলবন্দর

নেপালে আরও ৩৭৮ মেট্রিক টন আলু রপ্তানি

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:২৫ এএম

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাবান্ধা স্থলবন্দরে থেমে নেই আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরটি দিয়ে নিয়মিত নেপালে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আলু। রোববার (২০ এপ্রিল) বিকালে বন্দরটি দিয়ে ৩৭৮ মেট্রিক টন আলু রপ্তানি হওয়ার তথ্য জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

তিনি বলেন, রবিবার নেপালে ৩৭৮ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। আলুগুলো রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, হাবিব ইন্টারন্যাশনাল, ঈশান এগ্রো ফার্ম। এছাড়া বন্দরটি দিয়ে নেপালে আলু রপ্তানি করছে মিয়ামি ড্রেডিং, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস এগ্রোসহ বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান। এখন পর্যন্ত ৪ হাজার ৮৭২ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও,দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নেপালে রপ্তানি হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বন্দরটি দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু রপ্তানি হয়।

গত ৮ এপ্রিল ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দিল্লি। এতে বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্যপথ বন্ধ হয়ে গেলেও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল ও ভুটানের সাথে ব্যবসা-বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত