কক্সবাজারে প্রতিপক্ষের মারধরে কলেজ শিক্ষক নিহত

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় ‘দোকান ভাড়া’ সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরের আঘাতে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (২১ এপ্রিল)  মধ্যরাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন। নিহত মো. ইকবাল উখিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক ছিলেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শরীফ নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে আলিফ মো. ইফতিয়াজ নূর নিশান জানান, তার বাবার মালিকাধীন দোকানের ভাড়াটে ছিলেন মো. শরীফ। বেশ কিছুদিন ধরে দোকান ভাড়া সংক্রান্ত লেনদেন নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। রবিবার মধ্যরাতে উখিয়ার ঘিলাতলী এলাকায় নিজ বাড়ীর সামনে তার বাবার সঙ্গে মো. শরীফের এ নিয়ে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে শরীফ তার বাবাকে এলোপাতাড়ী কিল-ঘুষি ও লাথি মেরে আঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় স্থানীয়রা ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে পুলিশের কাছে সোপর্দ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত