বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ জরুরি যোগাযোগ হটলাইন চালু করবে বাংলাদেশ পুলিশ। যাতে করে নিরাপত্তাসংক্রান্ত যেকোনও ঘটনা তারা সরাসরি জানাতে পারবেন এবং তাৎক্ষণিক সহায়তা পাবেন।
সোমবার (২১ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠান থেকে এই ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে গাজায় ইসয়ারায়েলি হামলার প্রতিবাদে আন্দোলনের সময় সাম্প্রতিক সময়ে ভাঙচুরের শিকার ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে তার প্রেস উইং।
বিডা চেয়ারম্যান ও আইজিপির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ, কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা শু কোম্পানি, রেকিট বেনকিজার বাংলাদেশ, পেপসিকো এবং জুবিলেন্ট ফুড ওয়ার্কস বাংলাদেশসহ প্রধান বিদেশি কোম্পানিগুলোর নির্বাহীরা।
এতে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিল্ক চৌধুরী বলেন, একই ছাদের নিচে আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে এই বৈঠক কেবল সময়োপযোগীই নয়, বরং নজিরবিহীনও বটে। এটি কেবল একটি প্রতীকী উদ্যোগ নয়, এটি একটি শক্ত বার্তা-বাংলাদেশ তার বিনিয়োগকারীদের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দিচ্ছে, বিশেষত প্রতিকূলতা দেখা দিলে।
তিনি আরও বলেন, আমরা প্রতিবাদের অধিকারকে সম্মান করি, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো হাজারো মানুষের জীবিকা, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করে— সেগুলো ধ্বংস করা কোনও সমাধান নয়।
এ সময় আইজিপি বাহারুল আলম বিনিয়োগকারীদের পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা কেবল প্রতিক্রিয়া জানানোর জন্য এখানে আসিনি, বরং আস্থা গড়ে তুলতে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতেই এসেছি।
দুবাইয়ের ‘কালো বিড়াল’ মালয়েশিয়ার শ্রম বাজারে
পোপ ফ্রান্সিসের মানবিক বিশ্ব গড়ার প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করেছে