মর্যাদাপূর্ণ লরিয়াস অ্যাওয়ার্ডের সেরা উদীয়মান লামিন ইয়ামাল

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০১:৫০ পিএম

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্ব ক্রীড়ামঞ্চ কাঁপিয়ে চলেছেন লামিন ইয়ামাল। স্পেনের মাদ্রিদে আয়োজিত লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসে ‘ব্রেকথ্রু অ্যাথলেট অব দ্য ইয়ার’-এর মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলেন বার্সেলোনার এই তরুণ তুর্কি।

যদিও ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারেননি ইয়ামাল, তবে ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন। 'আমি এখানে থাকতে না পারায় দুঃখিত। এই সম্মানের জন্য লরিয়াস অ্যাকাডেমিকে ধন্যবাদ। এটি আমার ও আমার পরিবারের জন্য গর্বের বিষয়। আমি বার্সা ও জাতীয় দলের কোচিং স্টাফ এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। ব্যক্তিগত স্বীকৃতির পর দলীয় সাফল্যও কামনা করি,' বলেন ইয়ামাল।

একই মঞ্চে ‘টিম অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ট্রফি ঘরে তুলেই এই স্বীকৃতি পেয়েছে লস ব্লাঙ্কোসরা। পুরস্কার নিতে উপস্থিত ছিলেন অধিনায়ক লুকা মদ্রিচ ও ডানিয়েল কারভাহাল।

মদ্রিচ বলেন, 'লরিয়াস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা অসাধারণ একটি মৌসুম কাটিয়েছি। এই পুরস্কার রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় স্বীকৃতি।'

কারভাহাল কপালপোড়া চ্যাম্পিয়নস লিগের পরেও দলের উদ্দীপনা হারাতে নারাজ, 'একটি হার আমাদের দমিয়ে রাখতে পারে না। সামনে আরও চ্যালেঞ্জ—কোপা দেল রে ফাইনাল এবং লা লিগা। এখনই সময় আবার উঠে দাঁড়ানোর। আমাদের বুকে যে প্রতীক রয়েছে, তার মর্যাদা রক্ষার এটাই উপযুক্ত সময়।'

উল্লেখ্য, শনিবার রাতে সেভিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা দেল রে'র ফাইনাল। যদিও বার্সেলোনা-রিয়ালের চিরায়ত দ্বৈরথ নয় এবারের ফাইনালে, তবুও বার্সা ম্যাচে নামবে ফেভারিট হিসেবে। তবে সম্প্রতি বরুসিয়া ডর্টমুন্ড ও সেলতা ভিগোর বিপক্ষে তিনটি করে গোল খেয়ে রক্ষণে দুর্বলতার ছাপ রেখে দিয়েছে ব্লাউগ্রানারা। অন্যদিকে, কোচিং পজিশন নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেও ট্রফির জন্য মরিয়া বার্সা।

ইয়ামালের ব্রেকথ্রু আর রিয়ালের দলগত শ্রেষ্ঠত্ব—দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অর্জন যেন নতুন মৌসুমের আগমনে এক অন্যরকম উত্তাপ ছড়াল ক্রীড়াভক্তদের মনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত